বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান

জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বকশীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সন্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন এবং পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু ও পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মদ সুজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত যুবদলকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁরই দিকনির্দেশনায় আজ যুবদল একটি জনবান্ধব সংগঠনে পরিণত হয়েছে। এ সময় বক্তারা দলের সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।