শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ১ লাখ ৩৮ হাজার টাকার মদ
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ১ লাখ ৩৮ হাজার টাকার মদ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারপতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মদ জব্দ করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা ভারতীয় মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।