জামালপুরে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)

বিএনপি নেতা হোসেন আলী (৪৯)

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হোসেন আলী উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এসআই আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি-১-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

হোসেন আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘দলের পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে দ্রুতই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়েরের পর আজ তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।