টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভাতে সময় লাগবে
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভাতে সময় লাগবে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ উৎপাদন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে থাকা আগুনের অবশিষ্ট অংশ পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাশাপাশি উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও কাজ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এক ব্রিফিংয়ে জানান, বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কেমিক্যাল ও অ্যালুমিনিয়ামজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হন। অতিরিক্ত তাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আগুনের অবশিষ্ট অংশ পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় সংস্থাটি। এর ১০ মিনিট পর, সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টঙ্গীর এই অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং উদ্ধার তৎপরতায় বিজিবি সদস্যরা অংশ নেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যেতে পারে।