নালিতাবাড়ীতে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগ, জব্দ ১ হাজার কেজি
নালিতাবাড়ীতে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগ, জব্দ ১ হাজার কেজি

শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ম উপেক্ষা করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার জব্দ করেছেন স্থানীয়রা। পরে জব্দ করা সার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সার বিক্রেতা ও পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের জব্দ করা সার প্রশাসনের কাছে হস্তান্তরের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।