বকশীগঞ্জে হঠাৎ শেয়ালের কামড়ে শিশু-নারীসহ আহত ৯, এলাকাজুড়ে আতঙ্ক

হঠাৎ শেয়ালের এমন অতর্কিত আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে হঠাৎ উন্মত্ত শেয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত নয়জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বকশীগঞ্জ পৌরসভার ধুমালীপাড়া ও মেষেরচর গ্রামে এ ঘটনা ঘটে। হঠাৎ শেয়ালের এমন অতর্কিত আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত আটজনের মধ্যে সাতজনই ধুমালীপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- আসাদুল (৪০), তার সাত বছরের মেয়ে মনিরা, হারুন মিয়া (৫০), নূরেদা (৩৫), ছামিউল হক, তার সন্তান আবু হুরায়রা এবং আব্দুল মান্নান। এছাড়া পার্শ্ববর্তী মেষেরচর গ্রামের ছয় বছরের শিশু রাব্বি হাসান ও ফরিদা (২০) শেয়ালের কামড়ে আহত হয়েছে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেয়ালের আক্রমণে আহত রোগীদের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের জলাতঙ্কের সুরক্ষামূলক ভ্যাকসিনও দেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে ধুমালীপাড়া গ্রামের আসাদুলের বাড়ির আঙিনায় হঠাৎ একটি শেয়াল তাণ্ডব শুরু করে। শেয়ালটি আসাদুল ও তার সাত বছরের মেয়ে মনিরাকে কামড়ে আহত করে। এরপর শেয়ালটি লোকালয় ও আশপাশের রাস্তায় চলাচলের সময় সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কামড়াতে থাকে।

দিনের আলোতে বসতবাড়ি ও লোকালয়ে বন্য শেয়ালের এমন আক্রমণাত্মক ঘটনায় ধুমালীপাড়া, মেষেরচর ও এর আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বন্য প্রাণীর এই উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।