বকশীগঞ্জে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মণ্ডলবাড়ি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলাল মিয়া ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আলাল সপরিবারে ঢাকায় বসবাস করতেন এবং সেখানে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার দুপুরের পর তিনি ঢাকা থেকে একা গ্রামের বাড়িতে আসেন।মঙ্গলবার সারা দিন পেরিয়ে সন্ধ্যা হলেও ঘরের দরজা না খোলায় তাঁর ফুফু তুহুরার (৬০) সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফুফু জানালার কিছু অংশ ভেঙে দেখতে পান আলালের দেহ ঘরের চালের সঙ্গে ঝুলছে। তাঁর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন।

খবর পেয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ দ্রুত ঘটনাস্থলে যান এবং বকশীগঞ্জ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী খশরু জানান, আলাল মিয়া চরম আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঋণগ্রস্ত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন। অভাব-অনটনের কারণে নিজের জমি না থাকায় অন্যের জমিতে ঘর তুলে পরিবার নিয়ে বাস করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।