বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: মহড়া ও র্যালি অনুষ্ঠিত
"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরবর্তী আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। তারা বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান।
এছাড়াও বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল, স্থানীয় গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প সচেতনতা এবং অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।