কন্যাশিশুর শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে- শেরপুরে দিবসের আয়োজন
কন্যাশিশুর শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে- শেরপুরে দিবসের আয়োজন

শেরপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, শেরপুরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ শৈশব নিশ্চিতকরণ, শিক্ষা ও পুষ্টির সুযোগ বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা, পুষ্টি ও সমান সুযোগের মাধ্যমে কন্যাশিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।