বকশীগঞ্জে শান্তি পরিবহনের বাসের চাপায় বউ-শাশুড়ি নিহত
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ বাসটি ও হেলপারকে আটক করেছে

জামালপুরের বকশীগঞ্জে শান্তি পরিবহনের একটি বাসের চাপায় ফরিদা বেগম (৪০) ও উফেজা বেগম (৬৫) নামের বউ-শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম উপজেলার জানকিপুর ঠাকুরপাড়া এলাকার নূর ইসলামের স্ত্রী এবং উফেজা বেগম, মৃত মকছেদ আলীর স্ত্রী। সম্পর্কে তারা পুত্রবধূ ও শাশুড়ি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী শান্তি পরিবহনের একটি বাস নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে দুই পথচারী বউ-শাশুড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ বাসটি ও হেলপারকে আটক করেছে।
ঘটনার বিষয়ে জানতে হাইওয়ে থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ এ ঘটনায় বাসের এক হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।