বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ উপজেলায় মোট ১৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. সিদ্বেশ্বর সাহা এবং সাধারণ সম্পাদক রমেশ কর্মকার প্রমুখ।
সভায় জানানো হয়, এ বছর বকশীগঞ্জ উপজেলায় মোট ১৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে শুধু পৌরসভায় ১২টি মন্ডপ রয়েছে।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল কুদ্দুস, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল রানা পলাশসহ উপজেলার ১৭টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।