জামালপুরে যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

গত ৪ অক্টোবর, রবিবার দুপুরে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন গাড়ির চালক, কন্টাক্টর, হেল্পার এবং পরিবহন নেতারা অংশ নেন।

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে আয়োজিত এই কর্মশালায় পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন যথাযথভাবে মানা, গাড়ি চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং দুর্ঘটনা এড়ানোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিআরটিএ’র কর্মকর্তারা।

বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বিআরটিএ’র পক্ষ থেকে আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং যে নির্দেশনাগুলো বলা হবে, তা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মেনে চলতে হবে। আমাদের মূল করণীয় হলো মহাসড়কের সমস্যাগুলো দূর করা। এটি হয়তো রাতারাতি সম্ভব নয়, তবে ছোট ছোট যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান করা আমার ও আপনার সকলের দায়িত্ব।

তিনি আরও বলেন, জামালপুরে সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি, জামালপুরবাসীর মূল প্রত্যাশা হলো মহাসড়কে দুর্ঘটনা রোধ করে যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করা। এছাড়া কোন কোন স্থানে ভীষণভাবে দুর্ঘটনা ঘটছে এবং সেখানে সড়কের কোনো ত্রুটি আছে কি না, তা সড়ক পরিবহনের লোকজনকে নিবিড়ভাবে দেখভাল করতে হবে।

জেলা প্রশাসক বলেন, আপনি চাইলেই রাতারাতি একটি সড়ককে চার লেন থেকে আট লেনে রূপান্তর করতে পারবেন না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালিক সমিতির লোকজনকে যাত্রীদের সঠিক সেবা নিশ্চিত করতে হবে। আপনি যাত্রীর কাছ থেকে যে ভাড়া নিচ্ছেন, তার বিনিময়ে যথাযথ সেবা প্রদানের প্রতিশ্রুতি আপনার থাকা উচিত। তা না হলে উত্তরাধিকারের কাছে যেমন দায়ী থাকবেন, তেমনি মহান সৃষ্টিকর্তার কাছেও আপনাকে জবাবদিহি করতে হবে। এ সময় তিনি সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাত্রার বিভিন্ন দিক নিয়ে চালক, হেল্পার ও কন্টাক্টরদের নানা পরামর্শ দেন।

জামালপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. মুনজিল হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, সদস্য আনোয়ার হোসেন শাহীন ও সাদিকুর রহমান হীরা প্রমুখ।