বকশীগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ

জব্দকৃত ভারতীয় কসমেটিকসের মধ্যে রয়েছে: স্কিন সাইন ক্রিম: ১০০ পিস, চেইন: ৫৯৪ পিস, কানের রিং: ১৭ জোড়া।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) টহলদল জব্দকৃত ভারতীয় কসমেটিকস

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। গত ৪ অক্টোবর রবিবার রাতে এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়, এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিইউএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

এরই অংশ হিসেবে গত ৪ অক্টোবর রবিবার রাতে আনুমানিক ৯ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ সাতানিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। টহলদলটি সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকশীগঞ্জ উপজেলার দিগলকোনা গ্রাম নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রসাধন সামগ্রী আটক করা হয়। জব্দকৃত ভারতীয় কসমেটিকসের মধ্যে রয়েছে: স্কিন সাইন ক্রিম: ১০০ পিস, চেইন: ৫৯৪ পিস, কানের রিং: ১৭ জোড়া।

সর্বমোট ৯৭১ পিস বিভিন্ন ভারতীয় প্রসাধন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। জব্দকৃত এসব চোরাই কসমেটিকস বিধি মোতাবেক রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয়ের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান পাচার রোধকল্পে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।