শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার মেজর লাবিদ, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, এনএসআইয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন। সভায় শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও করণীয় তুলে ধরা হয়। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা আনন্দময়, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। এ সময় দুর্গাপূজাকে ঘিরে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।