শেরপুরে নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে সৈয়দ সাদমান জয় (২২) নামে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভাটারাঘাট এলাকা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। নিহত জয় কুড়িগ্রামের ওহেদুন্নী ওরফে মাখন মিয়ার ছেলে। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মা শাহনাজ পারভীন শেরপুর সদর উপজেলার খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জয় একসময় হ্যালোডটবিডিনিউজের শিশু সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জয় এক বন্ধুকে নিয়ে ভাটারাঘাট এলাকায় নদীর তীরে যান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁর বন্ধুকে মাদকসহ আটক করা হয়। পরিবারের দাবি, অভিযানের সময় ভয় পেয়ে জয় নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, শনিবার সেখানে পুলিশের কোনো অভিযান হয়নি। পরিবারের সহযোগিতার আবেদনের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান, তাঁদের অভিযানে একজনকে মাদকসহ আটক করা হলেও কেউ নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি তাঁদের জানা ছিল না।