বিএনপি’র এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি’র সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দলীয় ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। পরে দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সম্প্রতি উদ্ভূত কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী দ্রুতই ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তাঁর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও দল যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এটি তারই একটি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে ফেরদৌসী আহমেদ মিষ্টির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দলের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, খুব দ্রুতই এ বিষয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

পদত্যাগপত্র জমাদানের প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচন কমিশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে পরবর্তী আইনগত ও সাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করা হবে।