বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোস্তফা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় তাঁকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমির মাটি কেটে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি। এর ধারাবাহিকতায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোস্তফাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, পরিবেশ রক্ষা এবং কৃষিজমি রক্ষার্থে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।