শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩৬) নামের এক অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুর রহমান রাসেল পার্শ্ববর্তী জামালপুর জেলার পাথালিয়া এলাকার বাদল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদ থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।