জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক রবিউল হাসান সোহাগকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারের পর দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা যুবদল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলা যুবদলের সদস্য ও সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান ইলির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান এবং সদস্য সচিব সোহেল রানা খান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। রবিউল হাসান সোহাগের ব্যক্তিগত কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।
এর আগে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব বলেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে রবিউল হাসান সোহাগকে বহিষ্কার করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দলে কোনো স্থান নেই এবং তার কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।"