বকশীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা ও মিশ্র প্রতিক্রিয়া

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নামে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়ন শাখার একটি নতুন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুমোদিত এই কমিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও ফেসবুকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া।

বকশীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা ও মিশ্র প্রতিক্রিয়া

উপ‌জেলা ছাত্রলী‌গের প্যাডে দেখা যায়, আগামী ৩ (তিন) মাসের জন্য বাট্রাজোর ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে তামিম তালুকদারকে আহ্বায়ক এবং জিউম হাসান, শাহরিয়ার হোসেন ও ছিয়াম হোসেন তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া এতে ২০ জন সদস্যের নামও প্রকাশ করা হয়েছে। প্যাডটিতে বকশীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া এবং যুগ্ম-আহ্বায়ক পনির আহমেদের স্বাক্ষর রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ধারা ১৮-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। ছাত্র-জনতার অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারের পতনের পরও রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এমন কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সরকারের নিষেধাজ্ঞার পর প্রকাশ্যে এমন কমিটি ঘোষণাকে আইনের স্পষ্ট লঙ্ঘন ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন এবং এর কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে কমিটি হচ্ছে। সে মোতাবকে বাট্রাজোর ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিটের কমিটি দেওয়া হবে।

অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কমিটি প্রকাশ পাওয়ার প্রতিক্রিয়ায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, সরকারের নিষিদ্ধ করা একটি সন্ত্রাসী সংগঠনের কমিটি প্রকাশ করা আইন ও রাষ্ট্রের পরিপন্থী। সাধারণ ছাত্রসমাজ ও জনগণ এটি কোনোভাবেই মেনে নেবে না। প্রশাসনের অবিলম্বে এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মদ সুমন এই কমিটির কাগজ নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে নবগঠিত কমিটিকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, যা নিয়েও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।

অন্যদিকে এই কমিটি গঠনের তীব্র সমালোচনা করে উপজেলা ছাত্রলীগের সদস্য শাহ মোহাম্মদ শান্ত ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের আঁধারে উপজেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মনগড়া স্বজনপ্রীতির মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছে। এতে ত্যাগী ও নির্যাতিতরা বাদ পড়েছেন এবং বিবাহিত ও অনভিজ্ঞ ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর বর্তমান কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক পনির আহমেদের কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। দুঃসময়ে এ ধরনের পকেট কমিটি ও স্বজনপ্রীতির প্রতিকারে তিনি জেলা ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মকবুল হোসেন জানান, বিষয়টি তাদের জানা নেই বা এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা তথ্য দেয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।