বকশীগঞ্জ সীমান্তে ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাতানীপাড়া বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিগলকোনা এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির একটি বিশেষ টহল দল।
অভিযানকালে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, জব্দকৃত কসমেটিকস পণ্যগুলোর বিষয়ে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।