প্যারোলে মুক্ত হয়ে পিতার জানাজায় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান

গত ১০ নভেম্বর একটি নাশকতা মামলায় বকশীগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে গ্রেপ্তার করে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আশিকুর রহমান

নাশকতা মামলায় কারাগারে বন্দি থাকা বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কঠোর পুলিশি প্রহরায় তিনি জানাজায় যোগ দেন।

নিহত চিক্কু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে বাড়িতে নিয়ে আসার পর সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। তাঁদের পারিবারিক নিবাস বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১০ নভেম্বর একটি নাশকতা মামলায় বকশীগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

পিতার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আইনি প্রক্রিয়া ও জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কারাগার থেকে বকশীগঞ্জে এনে তাঁকে সীমারপাড়া ঈদগাঁ মাঠে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

জানাজায় মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় এলাকাবাসীর পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স অংশ নেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে আশিকুর রহমান বাবার জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর পুলিশের কড়া নিরাপত্তায় তাঁকে পুনরায় জামালপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।