মাদারগঞ্জের কৃতী সন্তান মেজর জেনারেল তৌহিদুল আহমেদ হলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক

গুনারীতলার কাতলামারীর কৃতী সন্তান তৌহিদুল আহমেদ আনসারের মহাপরিচালক

মাদারগঞ্জের কৃতী সন্তান মেজর জেনারেল তৌহিদুল আহমেদ হলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক

আকাশ মন্ডল মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জন্য গর্বের সংবাদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তিনি মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকার কৃতী সন্তান।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা উল্লেখ রয়েছে।

এর আগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তাঁকে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। নতুন নিয়োগের মাধ্যমে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।

সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন দায়িত্ব পাওয়ার আগে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাঁকে দেশের গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে সেনাবাহিনীর মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে দায়িত্ব পালন করে থাকে। দেশজুড়ে বিস্তৃত এ বাহিনীর নেতৃত্বে নতুন মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদের নিয়োগ জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন।

অন্যদিকে, মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকার সন্তান হিসেবে তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ স্থানীয় মানুষের কাছে আনন্দ ও গর্বের বিষয়। নিজ এলাকার একজন সন্তান দেশের গুরুত্বপূর্ণ একটি বাহিনীর শীর্ষ পদে দায়িত্ব পাওয়ায় মাদারগঞ্জবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

মেজর জেনারেল তৌহিদুল আহমেদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন তাঁর এলাকার শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা। তাঁর কর্মজীবনের আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত হোক- এমন প্রত্যাশা মাদারগঞ্জবাসীর।