বকশীগঞ্জে মানববন্ধনে ওসিকে ‘অযোগ্য, অথর্ব ও মূর্খ’ বললেন ছাত্র অধিকার পরিষদ নেতা
‘ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়

জামালপুরের বকশীগঞ্জে শেখ ফরিদ নামের এক ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহাম্মেদ রাজু। বক্তব্যে তিনি বকশীগঞ্জ থানার ওসিকে ‘অযোগ্য, অথর্ব ও মূর্খ’ বলে মন্তব্য করেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড বটতলা মোড়ে ‘ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত শেখ ফরিদ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত রহমত আলীর ছেলে।
কর্মসূচিতে বক্তব্য দেন জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহাম্মেদ রাজু, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মেদ সুমন ও ভুক্তভোগী মাতৃ জুয়েলার্সের মালিক উৎপল মহন্ত।
বক্তাদের বক্তব্যে শেখ ফরিদকে বকশীগঞ্জের বহু অপকর্মের হোতা, চিহ্নিত জুয়াড়ি, মামলাবাজ, ভূমিদস্যু ও প্রতারক হিসেবে উল্লেখ করা হয়। এ সময় সংখ্যালঘু পরিবারের স্বর্ণের দোকান লুট ও জমি বেদখলের অভিযোগ তুলে অবিলম্বে শেখ ফরিদ এবং তাঁর সকল অপকর্মের আশ্রয়-প্রশ্রয়দাতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখ ফরিদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি পৈতৃক সম্পত্তি বৈধ কাগজপত্রের মাধ্যমে ভোগদখলে আছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যা কিছু হবে আইনের মাধ্যমেই হবে।’
এ বিষয়ে জানতে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।