বকশীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক যুবক, ৬ মাসের কারাদণ্ড
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আকাশ মিয়া (২২) নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও বহনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
ইউএনও মুরাদ হোসেন বলেন, মাদক সেবন ও বহনের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।