বকশীগঞ্জে সমবায় দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার
দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা

‘করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ এবং কালব উপজেলা ব্যবস্থাপক শাহিনুর রহমান, সমবায়ী সদস্য জুবেলি আক্তার।
বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।