টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ

এমপি শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের আবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ

টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

চিঠি সূত্রে জানা যায়, জামালপুরের যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, যাতায়াত সহজ করা এবং আঞ্চলিক উন্নয়নের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর ডিও (আধা-সরকারি) পত্র পাঠান সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে জামালপুরের সঙ্গে টাঙ্গাইলসহ অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও যাত্রী চলাচলে সুবিধা বাড়তে পারে। তবে প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমীক্ষা, পরিকল্পনা, অনুমোদন ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রমের ওপর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ নির্দেশকে মহাসড়কটির উন্নয়ন উদ্যোগের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন সংশ্লিষ্ট বিভাগের পরবর্তী কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন জামালপুরবাসী।