শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ, নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ, নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ, নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

শেরপুর সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. আকমল আলী (৩৬) নামে এক ব্যবসায়ীকে ধারালো দা, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা মোড় এলাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আকমল আলী। অভিযোগে মো. বাবু মিয়া (৩০) নামে একজনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাবু মিয়া শেরপুর শহরের চাপাতলী এলাকার হাবিবুল্লাহ ড্রাইভারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আকমল আলী সদর উপজেলার মনকান্দা এলাকার বাসিন্দা। বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বাবু মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় চাপাতলী এতিমখানা মোড় থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বাবু মিয়াসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গালিগালাজের প্রতিবাদ করলে প্রধান অভিযুক্ত বাবু মিয়া তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে আকমল আলীর মাথায় আঘাত করেন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, রক্তাক্ত ও ফোলা জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা ব্যবসায়িক কাজের নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি।

ভুক্তভোগীর আরও অভিযোগ, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাসহ লাশ গুম করার হুমকি দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশাচালকের অটোরিকশায় করে তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবু মিয়ার বক্তব্য এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ জানা গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।