বকশীগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাৎ ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার

সংবাদ সম্মেলন

জামালপুরের বকশীগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাৎ এবং উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বকশীগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভুক্তভোগী দুদু মিয়া, আফসার আলী ও রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর গ্রামের দুদু মিয়া ও তার পরিবারের সদস্যরা কামালেরবার্ত্তী গ্রামের বুলু মিয়ার ছেলে মুকুল উদ্দিনের কাছে জমি বিক্রির চুক্তি করেন। ৫ লাখ টাকা বায়নার বিনিময়ে এ বিষয়ে একটি দলিলও সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, বাকি ২৫ লাখ টাকা পরিশোধ সাপেক্ষে দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু মুকুল উদ্দিন চুক্তির বাকি ২৫ লাখ টাকা পরিশোধ না করে উল্টো দুদু মিয়ার পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আফসার আলী বলেন, মুকুল উদ্দিন জমি কেনা বাবদ দুদু মিয়াকে শুধু বায়নার ৫ লাখ টাকাই দিয়েছেন। বায়নার টাকা ছাড়া তিনি আর কোনো টাকা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে আমি নিজে মুকুল উদ্দিনের বাড়িতে গিয়েও কথা বলেছি।

ভুক্তভোগী দুদু মিয়া বলেন, মুকুল উদ্দিন আমার সাথে জালিয়াতি ও প্রতারণা করেছেন। জমি না কিনে এবং চুক্তির টাকা সম্পূর্ণ পরিশোধ না করে তিনি আমার ও আমার পরিবারের লোকজনের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

রিপন মিয়া অভিযোগ করে বলেন, বাকি টাকা বুঝিয়ে না দিয়ে মুকুল উদ্দিন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এলাকায় আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। আমরা এই হয়রানি ও হুমকি থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাই।