জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়

জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের বেলটিয়া বাজার থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি। শুধু সরকারি চাকরির ওপর নির্ভর না করে প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে।

অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ১০০ জনের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন যুবক-যুবনারীকে দেড় লাখ টাকা করে যুব ঋণের চেক দেওয়া হয়। যুব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নে সাতটি যুব সংগঠনকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।

যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে জামালপুরের তরুণদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ