বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন

জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১ নভেম্বর) রাতে ঢাকা-রৌমারী মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার মাঝগেদড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা কামালপুর মাঝগেদড়া এলাকার 'গামারের গাছ' নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আপন মিয়া ও আরোহী সাকিব হাসান সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় আহত সাকিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনার পর আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এ বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।