বকশীগঞ্জে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বাড়ি ঘেরাও ও মানববন্ধন
আগামী তিন দিনের মধ্যে এলাকা থেকে মাদক ব্যবসা বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের এলাকা ছাড়তে হবে। অন্যথায় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দিতে বাধ্য হবে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধ এবং চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও অভিযুক্তদের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার (১ নভেম্বর) বিকেলে আয়োজিত এই বিক্ষোভে স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পানাতিয়াপাড়া গ্রামের রোকিয়া বেগম ও বদরুল এলাকায় প্রকাশ্যে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন। এর ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।
একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাদক কারবারি রোকিয়া বেগম ও বদরুলের বাড়ি ঘেরাও করেন এবং তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাট্টাজোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আউয়াল মন্টু। তিনি মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে এলাকা থেকে মাদক ব্যবসা বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের এলাকা ছাড়তে হবে। অন্যথায় এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দিতে বাধ্য হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমির হোসেন, অপূর্ব সিয়াম, বাবু তালুকদার ও মাহেলা বেগম।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, আজকেও মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পানাতিয়াপাড়ার ঘটনাটি আমরা জানতে পেরেছি। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। তবে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।