মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি হুমায়ুন সম্পাদক খাদেমুল ইসলাম

মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আকাশ মন্ডল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। এতে দৈনিক যুগান্তরের মাদারগঞ্জ প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর সভাপতি এবং দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদারগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মির্জা হুমায়ুন কবীর ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এ কে এম জুলফিকার আলী বাবলু পান ৪ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে খাদেমুল ইসলাম ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে এস এম হুমায়ুন কবির বক্কর ৪ ভোট এবং মোহাম্মদ শাহীন ৩ ভোট পান। প্রেসক্লাবের মোট ১৪ জন ভোটারের মধ্যে ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন। সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আনিছুর রহমান।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে সামিউল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান সাইফুল, সাংগঠনিক সম্পাদক পদে বজলুর রহমান খান, অর্থবিষয়ক সম্পাদক পদে আল্পনা জান্নাত এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী।

দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি মির্জা হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তাঁদের প্রতি আস্থা রাখায় প্রেসক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।