বাজিতখিলার উন্নয়নে কাজ করতে চান সাংবাদিক বুলবুল, চাইলেন এলাকাবাসীর সমর্থন
বাজিতখিলার উন্নয়নে কাজ করতে চান সাংবাদিক বুলবুল, চাইলেন এলাকাবাসীর সমর্থন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ৩ নম্বর বাজিতখিলা ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। নির্বাচনী আমেজের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. বুলবুল আহমেদ। এ উপলক্ষে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরতে এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে তাঁর নেতৃত্বে একটি মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজিতখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজিতখিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে স্বাগত জানান। মিছিল ও কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন ভোটার ও সমর্থক জানান, তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুলবুল আহমেদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাঁদের ভাষ্য, ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশায় তরুণ প্রজন্মের অনেকেই তাঁর প্রতি সমর্থন জানাচ্ছেন।
মিছিল শেষে সাংবাদিক মো. বুলবুল আহমেদ বলেন, “বাজিতখিলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মহামূল্যবান দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাজিতখিলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে।