লগি-বৈঠায় নিহতদের বিচার চান জামালপুরের জামায়াত নেতারা
পল্টনে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে জামালপুর জেলা শহরের পিটিআই মোড়ে সদর ও শহর জামায়াতের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমির অধ্যাপক আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক জামালী বলেন, “২০০৬ সালের এই দিনে নিরীহ জামায়াত-শিবির কর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীদের লগি-বৈঠার বর্বর তাণ্ডব মানবতার ইতিহাসকে কলঙ্কিত করেছে।”
তিনি আরও বলেন, পল্টনে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘ সময় ধরে শহীদদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে এ সংক্রান্ত মামলা পুনরুজ্জীবিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
শহর জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান ওমরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, শহর শাখার নায়েবে আমির নাজমুল হক মাসুদ এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি জামাল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, সদর ও শহর জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।